আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিতে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জামায়াত মাঠে নামেনি, তাদের নামানো হয়েছে। তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। জামায়াত নির্বাচনে নিবন্ধিত দল নয়। এরপরও তাদের মাঠে নামানোর অর্থ হচ্ছে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর নিকুঞ্জে খেলার মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর আয়োজন করে।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথায় তিনটি ভূত ঢুকেছে। একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয়টি হলো শেখ হাসিনার পদত্যাগ এবং তিন নাম্বার ভূতটি হলো সংসদের বিলুপ্তি। দেশে শান্তি বজায় রাখতে চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূতকে নামাতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘জ্যোতিষ ফখরুল সাহেব, সাহস থাকলে খেলার মাঠে আসুন। খেলার মাঠের বাইরে থেকে ফাউল খেলবেন না। যদি ফাউল খেলেন, তাহলে পালানোর পথ পাবেন না। নির্বাচনের খেলার মাঠে ফাউল করলে বিএনপির খবর আছে।’
বিশ্বে সংকট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের সংকট মোকাবিলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুতের জ্বালানি এনে বিদ্যুৎ সংকটের সমাধান করছেন। কিছুদিনের মধ্যে এই সমস্যারও সমাধান হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ।